র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৩) অভিযান চালিয়ে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের একজন অ্যাডমিন ও ‘সুপার এজেন্ট’-কে আটক করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি অহিদুর রহমান (৪৩)। র্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন জুয়ায় প্রলুব্ধ করতেন তিনি। এভাবে তিনি তাঁদের কাছ থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। এ টাকায় তিনি জমি ও গাড়ি পর্যন্ত কিনেছেন।
আটক ব্যক্তির কাছ থেকে দুটি স্মার্টফোন, বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা, নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা, দুটি ব্যক্তিগত সিমকার্ড, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা এবং একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অহিদুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক জুয়ার সাইট ব্যবহার ও প্রচারের কথা স্বীকার করেছেন। তিনি ফেসবুক–হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় প্রলুব্ধ করতেন। তাঁর এই চক্রে আরও ১০ থেকে ১২ জন যুক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের আটকের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
সিলেটভিউ২৪ডটকম/আশিক/০৭




