ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মো. আমিন খন্দকার (৪৫) নামের কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিন খন্দকার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত ভিকু খন্দকারের ছেলে ও সালথা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এ নেতা গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সব ধরনের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাস ও মিশরু মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে অন্তত ১০ জন আহত হন এবং উভয় পক্ষের আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে আমিন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫




