পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হবিগঞ্জে জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশনে জুলুশ বের করা হয়।
জুলুশে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক মিছিল অংশ নেয়। নানা সাজে সজ্জিত মোটরসাইকেল, বিভিন্ন ধরনের যানবাহন, ব্যানার-ফেস্টুন নিয়ে নবীপ্রেমিকরা জুলুশে অংশগ্রহণ করেন।
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশটি হবিগঞ্জ পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। এতে দশ হাজারেরও বেশি নবীপ্রেমিক অংশ নেন বলে আয়োজকরা জানান।
পরে পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/আশিক/০৪




