ছবি: সিলেট ভিউ।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় কানাইঘাটের গাছবাড়ী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত ২১ জুন কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী নিহত হন। তাদের পরিবারের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই।
প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশে আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তবে আমরা কেবল আর্থিক অনুদান দিয়েই থেমে থাকতে চাই না; বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে এসব পরিবারের পাশে থাকবে।’
নিহত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এসব পরিবারের শিশুদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি স্বজনহারা পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে স্থানীয়দের সতর্ক করে মন্ত্রী আরও বলেন, এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে সাগরপথে কিংবা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত দালালদের তথ্য প্রকাশ্যে আনতে হবে। তাদের পরিচয় ও তথ্য প্রশাসনকে দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসন-২২-এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ মাহবুব/ এহিয়া-০৬




