সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী 'পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়'-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে অবৈধ ও নিয়মবহির্ভূত এই কমিটি অবিলম্বে বাতিলপূর্বক আইনগত প্রক্রিয়ায় গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের অভিভাবকরা।
২৭ আগস্ট (বৃহস্পতিবার) অভিভাবকের স্বাক্ষরিত এই লিখিত অভিযোগ ও স্মারকলিপিটি বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ২৩ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১০টায় কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে সিংহভাগ অভিভাবকের অনুপস্থিতিতে এবং উপস্থিত সামান্য সংখ্যক অভিভাবকের মতামতকে সম্পূর্ণ অমান্য ও উপেক্ষা করে অত্যন্ত তড়িঘড়ি করে একটি 'পকেট কমিটি' গঠন করেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, এই অগণতান্ত্রিক ও নিয়মবহির্ভূত সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার মান এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়েছে। কোমলমতি শিশুদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক উন্নতির স্বার্থে এই 'পকেট কমিটি' বাতিল করা অত্যন্ত জরুরি।
স্মারকলিপিতে স্বাক্ষরকারী অভিভাবকদের পক্ষে মোঃ সিদ্দিকুর রহমান (মানিক), ফরিদ আলী বাবুল, আনোয়ার হোসেনসহ শতাধিক অভিভাবক অবিলম্বে যথাযথ নিয়ম অনুসরণ করে নির্বাচনের মাধ্যমে সর্বজনগ্রাহ্য পরিচালনা কমিটি গঠন করে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/এসডি-১৫




