ত্রিভূজ প্রেম ও পরকীয়া সম্পর্কের জেরে লস্কর হৃদয় নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।
 

এ ঘটনায় মোহাম্মদপুরের শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

পুলিশ জানায়, আহত লস্কর হৃদয় কয়েক বছর আগে মোসা. হাফসা আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর হাফসার সঙ্গে মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের হোতা মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্নার প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে হাফসা হৃদয়কে ছেড়ে ক্যাপ্টেন মুন্নার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন।
 

এর প্রায় তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। তবে হাফসার সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়নি। পুলিশ বলছে, সৌদি আরবে যাওয়ার পরও হাফসার সঙ্গে হৃদয়ের গোপন যোগাযোগ অব্যাহত ছিল।

বিষয়টি জানতে পেরে ক্যাপ্টেন মুন্না হৃদয়কে ফোন করে হাফসার সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন। এ সময় তাকে হুমকিও দেওয়া হয়। তবে এরপরও হৃদয় ও হাফসার মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে।

সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন হৃদয়। পুলিশ জানায়, দেশে ফেরার খবর পেয়ে ক্যাপ্টেন মুন্না তাকে ডেকে নেন। পরে মোহাম্মদপুর লিমিটেড এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়। হামলার তিন দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন হৃদয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
 

এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল এবং গাঢ়কাটা সাইফুলের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
 

এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিল্লাল ওরফে কালা বিল্লালকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যে ত্রিভূজ প্রেম ও পরকীয়া সম্পর্কের বিষয়টি জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯