ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বঙ্গবীর রোডে লাউয়াই শাপলা গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বঙ্গবীর রোডে লাউয়াই শাপলা গেইটের সামনে দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন।
স্থানীয়রা মিলে দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পর ব্যস্ততম এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি (সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং মোটরসাইকেল উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬




