আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন ধল আশ্রমে অনুষ্ঠিত হয়েছে ‘মর্নিং ফুটবল টিম দিরাই’-এর বার্ষিক বনভোজন।
 

শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী আয়োজনে ক্লাবের সদস্য ও খেলোয়াড়রা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আনন্দ-আয়োজনে অংশ নেন। ভোর থেকেই সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ধল আশ্রম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
 


দুপুরে মধ্যাহ্নভোজ ও প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়। খেলাধুলার পাশাপাশি সদস্যরা একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেন।

আয়োজকরা জানান, ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ বনভোজনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও ‘মর্নিং ফুটবল টিম’ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তারা।
 

বনভোজন আয়োজনে সৌজন্যমূলকভাবে সহযোগিতা করেন দিরাইয়ের সেন মার্কেটের প্রতিষ্ঠান ‘মাদানী ডিজিটাল প্রিন্ট’-এর স্বত্বাধিকারী মনসুর আহমদ।

বনভোজনে ক্লাবের সিনিয়র সদস্য আশিষ ভৌমিক, সন্দীপন দাস, প্রনয় দেবনাথ, পাবেল হাসান, আব্দুল রাজী, শাহ আলাম, শাহিন, রিপনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
 

দিনভর আনন্দ-উচ্ছ্বাস ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় বনভোজনের আয়োজন।

 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১০