ছবি: সংগৃহিত

এমনিতে সিলেটসহ সারাদেশে তীব্র লোডশেডিং চলছে। তবে রবিবার দিনটি সিলেটবাসীর জন্য কিছুটা ব্যতিক্রম ছিল। এদিন বিদ্যুতের যাতায়াত ছিল সীমাহীন। হিসাবের বাইরে। জনজীবনে এর নেতিবাচক প্রভাবও পড়েছে। চরম বিরক্ত নগরবাসী।

 


রবিবার সকাল থেকেই সিলেট মহানগরীর বিদ্যুৎ পরিস্থিতি ছিল খারাপের দিকে। দিনের অর্ধেকের চেয়েও কম সময় বিদ্যুৎ ছিল।

 

এদিকে আবার গরম ছিল তীব্র। এ অবস্থায় নাগরিক জীবন বলতে গেলে অচল হয়ে পড়েছিল। মার্কেট দোকানপাট শপিং মলগুলোতে আসা ক্রেতারা ছিলেন চরম বিরক্ত। ব্যবসয়ী বা কর্মকর্তাদের অবস্থা ছিল আরও খারাপ।

 

জিন্দাবাজারের বারুতখানা এলাকার একজন ব্যবসায়ী আব্দুস সবুর (৫৬) চরম বিরক্তি প্রকাশ করে বললেন, ইতা কিতা শুরু অইলো দেশো? কারেন্ট নাই। ইলা একটা দেশ চলতে পারে?

 

সবুরের মতোই বিরক্ত ছিলেন সর্বস্থরের নগরবাসী। স্কুল কলেজও চলেছে রীতিমতো অচলাবস্থার মধ্যদিয়ে।


এর কারণ জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, উৎপাদন কম বলেই এ অবস্থা।

 

তবে উৎপাদন কম হওয়ার কারণ সম্পর্কে তিনি তেমন কিছু বলতে পারেন নি। তবে জানিয়েছেন, অবস্থা স্বাভাবিক হতে দু’একদিন সময় লাগতে পারে। আবার রবিবার রাত থেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
সিলেটের উৎপাদন কেন্দ্রগুলো সচল আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা আমার দায়িত্বের মধ্যে পড়েনা। তাই এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে পারছিনা।

 

এদিকে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতো সিলেটের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতেও একই অবস্থা চলছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়ে গ্রামাঞ্চলের মানুষও রীতিমতো অতিষ্ঠ। ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির। নারী শিশু ও বয়স্কদের অবস্থা অত্যন্ত করুন।

 

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের একাধিক গ্রাহক জানিয়েছেন, ২৪ ঘন্টার  মধ্যে গড়ে ৮ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছেনা। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন সর্বস্থরের মানুষ। বিশেষ করে পরীক্ষার্থী এবং
রোগীদের অবস্থা অত্যন্ত করুন। বিদ্যু না থাকায় প্রচণ্ড গরমে লেখাপড়া করতে পারছেন না এসএসসি পরীক্ষার্থীরা।

 

এদিকে বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটের গ্রাহকদের একাংশ আন্দোলনে রাস্তায় নেমেছেন। গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির ব্যানারে রবিবার বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে সমাবেশ করেছেন। তারা গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের উপর আর্থিক জুলুমের অভিযোগ তুলেছেন।

 

তারা বিদ্যুতের লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির পাঁয়তারা মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৪