ছবি: সংগৃহিত
সিলেটের গোলাপগঞ্জে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর, প্রাণনাশের হুমকি, ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর আদায় ও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত শনিবার (২৯ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগটি দায়ের করেছেন উপজেলার রানাপিং এলাকার ফাজিলপুর গ্রামের আব্দুল আজাদের ছেলে মো. আব্দুল কাইয়ুম।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, শনিবার সকাল সোয়া ১১টার দিকে শেরপুর গ্রামের জনৈক শাকিল আহমদ চৌধুরীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ঋণ নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন কাইয়ুম। কিন্তু রানাপিং এলাকার শেরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আশফাক আহমদ চৌধুরীর বাড়ির সামনে পৌঁছালে তার ছোটো দুই ভাই শরীফ আহমদ (৪০) ও কাশেম আহমদ (৩৫) এবং আশফাকের ছেলে হামজা আহমদ (২২) তাকে আটক করে তাদের বাড়িতে নিয়ে যায় এবং একটি ঘরে আটকে রেখে মারধর করেন। তাদের রডের আঘাতে তার পা ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। তারা তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন এবং ব্ল্যাংক স্ট্যাম্পে তার স্বাক্ষর আদায় করেন।
এ ব্যাপারে মামলা মকদ্দমা করলে তাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন কাইয়ুম। পরে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে স্থানীয় মুরব্বিদের নিয়ে তাকে উদ্ধার করেন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।
তিনি ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক আইননুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কাইয়ুমের অভিযোগ প্রসঙ্গে জানতে ২নং বিবাবদী শরীফ আহমদের মোবাইলে কল দিলে প্রথমে তিনি জানান, বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে। প্রয়োজনে থানার ওসির সঙ্গে যোগাযোগের কথাও বলেন তিনি।
জানতে চাইলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে।
আপোষে মিমাংসার কথা জানতে চাইলে তিনি বলেন, শুনছি এরকম চেষ্টা চলছে স্থানীয়দের মাধ্যমে। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।
পরে শরীফ নিজেরাও পুলিশে অভিযোগ দিয়েছেন এবং তার ডকুমেন্ট এই প্রতিবেদককে পাঠানোর কথা বললেও পাঠিয়েছেন একটি স্ট্যাম্পে স্বাক্ষর করা জিম্মানামা, যাতে স্পষ্ট হয় যে, কাইয়ুমকে তারা আটক করেছিলেন।
আটকের কারণ প্রসঙ্গে তিনি ফেসবুকে তাদের বিরুদ্ধে মানহানীকর লেখালেখির প্রসঙ্গ উল্লেখ করেন।
এদিকে এ প্রতিবেদকের সাথে আলাপকালে কাইয়ুম বলেন, আমার পা ভেঙ্গে গেছে। হাসপাতালে পড়ে আছি। ডাক্তাররা ওসমানীতে পাঠানোর চিন্তাভাবনা করছেন। সেখানে কোথায় আপোষে মিমাংসা হলো, কে আপোষ করলো- আমি এসবের কিছুই জানিনা। আমার অভিযোগ থানায় দেওয়া আছে এবং আমি এ ঘটনার ন্যায়-বিচার দাবি করছি।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬




