ছবি: সংগৃহিত
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য খোদা বক্স (৫৫) এবং বাগমারা গ্রামের আওয়ামী লীগ কর্মী এনামুল হক দুলাল (৪০)।
খোদা বক্সের পরিবার জানান, গত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খোদা বক্স ও সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সাইদুর রহমানের সঙ্গে দ্বন্ধের সৃষ্টি হয়। সেই ক্ষোভে রোববার বিকেলে খোদা বক্স ঝিকরা বাজারে আসলে বিএনপি নেতাকর্মীরা মবের সৃষ্টি করেন। এক পর্যায়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।
অপর দিকে রোববার সন্ধ্যায় বাগমারা থানার মোড় এলাকা থেকে এনামুল হক দুলালকে (৪০) আটক করে পুলিশ।
আটক দুলালের ভাই লাল মোহাম্মাদ জানান, ছোট ভাই এনামুল হক আওয়ামী লীগকে সমর্থন করে। তবে কোনো পদের নেতা নন। বাড়িঘর দেখাশুনার জন্য ছুটি নিয়ে রোববার সকালে নিজ বাড়ি বাগমারাতে আসে। থানা মোড় মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাহিরে আসলে কয়েকজন দারোগা এসে ওসি ডাকছে বলে থানার ভেতরে নিয়ে যান তাকে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে সরকারী কাজের বিরোধীতাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির লোকজন আটক করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়ায় নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৯




