গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার রাতে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার তাকে আদলতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
গ্রেপ্তার রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবীন্দ্র বকশির ছেলে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব, রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক আসামি ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক




