ছবি: সংগৃহিত

হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 


বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ থানার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তুমপুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (১৯) ও আব্দুর রহিমের ছেলে মো. রুমান মিয়া (২০)।

 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালকসহ দুই আরোহী দ্রুত পালানোর চেষ্টা করছিলেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে।

 

এসময় তাদের হেফাজত থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


সিলেট ভিউ২৪/মআস ০২/ইকে-২