সিলেট নগর থেকে ছয়ফুট লম্বা একটি অজগর ও উপকন্ঠ এলাকা থেকে একটি দুধরাজ সাপ উদ্ধার করা হয়েছে। দু’একদিনের মধ্যে সাপ দুটি সিলেট বনবিভাগের আওতাধীন জুড়ি রেঞ্জের লাঠিটিলায় অবমুক্ত করা হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’।
 

বুধবার বিকেলে নগরের খাসদবীর থেকে অজগর ও উপকন্ঠের সাহেববাজার ছালিয়া এলাকা থেকে দুধরাজ সাপটি উদ্ধার করা হয়।


জানা গেছে, খাবারের সন্ধানে অজগরটি পার্শ্ববর্তী চা বাগান থেকে সিলেট নগরের খাসদবীর এলাকায় আসে। গেল কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সঙ্গে যোগাযোগ করেন। ওই টিমের পরামর্শে এলাকার ঝোপঝাড় পরিস্কারের পর বুধবার অজগরটির সন্ধান পাওয়া যায়। পরে টিমের সদস্য নোমান হোসাইন প্রায় ছয়ফুট লম্বা অজগর সাপটি ধরেন।
 

এদিকে, একইদিন শহরের উপকন্ঠ সালুটিকর ছালিয়া এলাকার একটি বসতবাড়ির গোয়ালঘরের পাশ থেকে প্রায় ৫ ফুট লম্বা তামাটে মাথা দুধরাজ সাপ উদ্ধার করা হয়। নোমান হোসাইন জানান, সাপটি গোয়ালঘরের পাশে মাটির গর্তে অবস্থান করছিল। পরে সাপটি উদ্ধার করা হয়।
 

এ ব্যাপারে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সিলেট জেলা প্রতিনিধি নোমান হোসাইন জানান, উদ্ধারকৃত সাপ দুটি সুস্থ আছে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সাপ দুটি কোন অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-০৯