সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে।
এ ঘটনায় তাহমিদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কের একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ম-৫৪-৩৫৯১ নম্বরের একটি পিকআপে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপটি থেকে ২০টি সাদা প্লাস্টিকের বস্তায় থাকা মোট ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চা-পাতার গুঁড়ার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তাহমিদ হোসেন সিলেটের জৈন্তাপুর থানার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলী রায় (মোতাহেরের বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রশীদের ছেলে।
এ ঘটনায় ৪ সেপ্টেম্বর শাহপরাণ (রহ.) থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৭। পরে গ্রেপ্তার তাহমিদ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ভারতীয় পণ্য পরিবহন ও পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস/এসডি-০২




