সিলেটে স্বামী-স্ত্রী মিলে গড়ে তুলেছেন মানবপাচার সিন্ডিকেট। দেশের বিভিন্ন স্থান থেকে নারী ও পুরুষদের কৌশলে সিলেটে এনে বাসায় আটকে রেখে পাচার করতেন। বেশিরভাগ পাচার করা হতো ভারতে। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে ভারতে পাচার করে দিত এই চক্র।
বৃহস্পতিবার বিকেলে ওই চক্রের সন্ধান পেয়ে অভিযান চালিয়ে ৮ জনকে উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আটক করা হয়েছে চক্রের মুলহোতা এক নারীকে।
আটককৃত রেনু বেগম (২৮) মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন মীরেরচক গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, রুবেল মিয়া ও তার স্ত্রী রেনু বেগম মিলে মানবপাচার চক্র গড়ে তুলেছেন। তাদের ওই চক্রে আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছেন। চক্রটি ভাল কাজের লোভ দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে নারী ও পুরুষদের প্রলুব্ধ করে সিলেটে নিয়ে আসে। পরে আটকে রেখে তাদেরকে ভারতে পাচার করে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পবিার বিকেলে পাঁচটার দিকে মীরেরচকস্থ রুবেল মিয়ার বাসায় অভিযান চালিয়ে ১ নারী, ৩ শিশু ও ৪ পুরুষকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় রেনু বেগমকে।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মানবপাচার ও অভিবাসী এবং চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-০৪




