সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে বিএনপি ও জামায়াত। দুই পক্ষের উত্তেজনার জেরে নৌকা বাইচ বন্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

 



শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর উপজেলার করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এতে উভয় পক্ষই প্রতিযোগিতায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানকে বিশেষ অতিথি করা হয়।

 


বিএনপি আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ৭-৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু আমাদের মঞ্চের পাশে আরও একটি মঞ্চ তৈরি করে ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন। পরে উভয় পক্ষের লিখিত পেয়ে প্রশাসন নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দিয়ে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেন।'

 


জামায়াত আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু জানান, বিদ্যুৎমন্ত্রীকে প্রধান অতিথি এবং উল্লাপাড়ার সংসদ সদস্যকে বিশেষ অতিথি করে আমরা ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতা করার প্রস্তুতি শুরু করেছিলাম। তবে বর্তমানে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি হয়তো প্রতিযোগিতায় উপস্থিত হতে পারবেন না। বিষয়টি বুঝতে পেরে আমাদের প্রতিযোগিতা বন্ধের জন্য বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।'

 


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নৌকাবাইচ প্রতিযোগিতার বিষয়ে দুটি পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০৬