বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে সিলেট ফেরার পথে ব্রাক্ষণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার শেষ ইচ্ছানুযায়ী মৌলভীবাজারের বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

 


এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোহাম্মদ আবদুল বছিরন এবং মা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

 

শিক্ষা জীবনে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এম সাইফুর রহমান। ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর সিলেটের মুরারি চাঁদ কলেজ (এমসি) থেকে আইকম পাস করে ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৩ সালে সেখান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

 

এরপর লন্ডনে পাড়ি জমান সাইফুর রহমান। সেখানে গিয়ে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্স পড়েন। ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পড়াশোনা শেষে ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলোশিপ অর্জন করেন। পাশাপাশি আর্থিক মূলনীতি ও উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।

 

দেশে ফেরার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠায় অংশ নেন সাইফুর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এরপর তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

 

সাইফুর রহমান ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রথমে জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ও পরে আবদুস সাত্তারের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

 

সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছিলেন সাইফুর রহমান। জীবদ্দশায় সফল অর্থমন্ত্রী হিসেবে তিনি একাধারে ১২ বার সংসদে বাজেট পেশ করেছেন। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০৩