ছবি: ফাইল ছবি।
সিলেট মহানগরে মাদকবিরোধী অভিযানে গত আট মাসে ৩৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় ৪৪০ আসামির মধ্যে ৪০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাই ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার মামলার পরিসংখ্যান থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
পুলিশ জানায়, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সিলেট মহানগরীতে অভিযানে ৩১ হাজার ১৮০ পিস ইয়াবা ও ১৪০ কেজি ১৪৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাতটি গাঁজার গাছ, ৬৪১ লিটার চোলাই মদ, ১ হাজার ২৪৩ বোতল ও ৫ দশমিক ২৫ লিটার বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল, ৪ লিটার ও ৭৫ বোতল দেশি মদ এবং সাত বোতল কোডিন ফসফেট উদ্ধার করা হয়। এই আট মাসে মাদক মামলায় গ্রেফতারের সংখ্যা ৪০৪ জন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মামলা ও গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক নির্মুল করতে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১




