ছবি: ফাইল ছবি।
সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন মানুষ। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন শনাক্ত হওয়া ৫ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৯ ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। জেলা ভিত্তিক পরিসংখ্যানে সিলেট জেলায় ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন একজন। সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৫১ জন, হবিগঞ্জে ১০৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন। তবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার- এই চার জেলার মধ্যে সিলেট ছাড়া অন্য কোনো জেলায় ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই।
এদিকে সিলেট বিভাগে চিকিৎসা নিতে আসা অন্যান্য জেলার আরও ৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৩ জন, নেত্রকোনার ২ জন, বরিশালের ১ জন, নোয়াখালীর ১ জন এবং ফেনীর ১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি করছে।
সিলেটভিউ২৪ডটকম/ মআস ০৫/ এহিয়া-১০




