সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের নতুন আগলা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 


স্থানীয়দের ধারণা, দুই-একদিন আগে স্ত্রী চলে যাওয়ায় অভিমানে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দোলাল মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সঙ্গে উপজেলার পাটলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানপুর গ্রামে বসবাস করে আসছিলেন।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি কিছুটা নির্জন জায়গায় হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত কম। সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে জগন্নাথপুর থানায় খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে থানায় নিয়ে যায় পুলিশ।
 

পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বাবুল মিয়ার স্ত্রী ২/৩ দিন আগে রাগ করে চলে যায় বলে শুনেছি। বাড়িটি আগলা বাড়ি (গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত) থাকায় লোকজন কম আসা-যাওয়া করে। তিনি দাবি করেন, মরদেহটি দু-একদিন আগের হবে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী তা জানতে পারে এবং পুলিশকে খবর দেয়।
 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪