ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জের ছাতক উপজেলার তিন যুবক কাজের আশায় ভারতের কাশ্মীরে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের আটকে রেখে পরিবারের কাছে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 


নিখোঁজ যুবকরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে সোহেল মিয়া, মৃত রুসমত আলীর ছেলে আয়াছ আলী এবং জালিয়ারপাড় গ্রামের আনছার আলীর ছেলে আলা উদ্দিন।

 

নিখোঁজের পরিবার গণমাধ্যমকে জানান, গত ২৮ জুলাই ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে ভারতে নিয়ে যাওয়া হয়। কাশ্মীরে পৌঁছানোর পর প্রথমদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। পরে হঠাৎ করেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

সোহেলের মা মোছা. সামতেরা বেগম গণমাধ্যমকে জানান, একই গ্রামের ফারুক মিয়া ও তার ছেলে ফাহিমের মাধ্যমে তিন যুবক ভারতে যাওয়ার সুযোগ পান। 

 

ঘটনার প্রায় এক সপ্তাহ পর ফারুক মিয়া ও তার ছেলে ফাহিম স্বজনদের জানান, তিন যুবক কারাগারে আটক আছেন। তাদের ছাড়াতে ৩০ হাজার টাকা প্রয়োজন। স্বজনরা ১৫ হাজার টাকা দেওয়ার পরও দাবি থামেনি বলে অভিযোগ করা হয়েছে। পরে আরও ৪০ হাজার টাকা এবং একপর্যায়ে ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করা হয়। 

 

অভিযোগকারীর দাবি, চাওয়া টাকা না দিলে তিন যুবকের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় সামতেরা বেগম ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা আইন সহায়তা কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। নিখোঁজ ওই তিন যুবককে উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের কাছেও সহযোগিতা চেয়েছেন সোহেলের মা সামতেরা বেগম।

 

অভিযোগের বিষয়ে ফারুক মিয়া সংবাদমাধ্যম কে বলেন, ‘তার ছেলে ফাহিম ভারতে রয়েছে। তবে বর্তমানে তিনিও ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।’

 

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘তিন যুবককে কাজের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণের টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মআস ০৬/ এহিয়া-১০