দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অতি সম্প্রতি চারজন নতুন সদস্যকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিএনপি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারে আসার পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৈঠকে স্থায়ী কমিটির নতুন সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হবে।
নতুন সদস্যরা হলেন- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।
এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে শুনেছি।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকার মধ্য দিয়ে স্পষ্ট হলো, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিকসের সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নেবেন। ব্রিকসের ২০২৬ সালের চেয়ারম্যান ভারত। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫




