এবারের এসএসসির ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পেয়ে রিস্ক্রুটিনির আবেদন করেছিলেন হাজারো শিক্ষার্থী। সেই আবেদনের ফল প্রকাশের পর সিলেট শিক্ষা বোর্ডে নতুন করে পাস করেছেন ১৮৬ জন শিক্ষার্থী। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ পরীক্ষার্থী।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত রিস্ক্রুটিনির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।



৫০ হাজারের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন  ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য সিলেট বোর্ডে আবেদন করেছিলেন ২০ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী। তারা মোট ৫০ হাজার ৭১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন।


আবেদন যাচাই ও পুনর্মূল্যায়ন শেষে ২ হাজার ৫৮৭টি খাতা পরিবর্তনের আওতায় এসেছে। এর মধ্যে ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন হয়েছে।


সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন  আকবর সংবাদ মাধ্যম কে জানান , “আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।”

ফেল থেকে পাস ১৮৬ জন: পুনর্মূল্যায়নের ফল বিশ্লেষণে দেখা গেছে, আগে অকৃতকার্য হওয়া ১৮৬ জন শিক্ষার্থী এবার নতুন করে পাস করেছেন।


অন্যদিকে, কাঙ্ক্ষিত জিপিএ-৫ না পাওয়া ১২১ শিক্ষার্থীর ফলও পরিবর্তন হয়েছে। পুনর্মূল্যায়নের পর তারা জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া আগে থেকেই জিপিএ-৫ পাওয়া ১৪৩ জন শিক্ষার্থীর ফলেও পরিবর্তন এসেছে।
সব মিলিয়ে রিস্ক্রুটিনির পর ১ হাজার ২৮৬ জন শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। পুনর্মূল্যায়নের পর ৯৮৬ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

আবেদন করেও ফল বদলায়নি ১৫৭ জনের, তবে রিস্ক্রুটিনিতে আবেদন করলেও সবার ফল পরিবর্তন হয়নি। পুনর্মূল্যায়ন শেষে ১৫৭ জন শিক্ষার্থী আগের মতোই অকৃতকার্য রয়েছেন।


গতবারের মতো এবার  রিস্ক্রুটিনির ফল প্রকাশের পর সিলেট বোর্ডের অনেক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ১৮৬ জন ফেল থেকে পাস করেছেন এবং ১২১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।


সিলেটভিউ২৪ডট/ মআস ০৪/এসডি-১৬