সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার ধুপাখালিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুরো বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এতে অন্তত ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির।
স্থানীয় বাসিন্দারা জানান, ধুপাখালি এলাকার বাসিন্দা হাফিজুর মিয়ার একটি টিনশেড বসতঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন খলিল মিয়ার পরিবার।
বৃহস্পতিবার রাতে হঠাৎ ঘরের পাশে থাকা গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয়রা সুনামগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপ লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আশপাশের অন্যান্য বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ শহীদনূর




