ছবি: সিলেট ভিউ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফর উপলক্ষে শেষ মূহুর্তের প্রস্তুতি সারছে সিলেট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি সিলেট সফরে আসছেন।
এ উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌণে ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন তিনি।
এ সময় বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সিলেটের পুলিশ কমিশনার।
পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করেন তিনি।
পরে সকাল সাড়ে ১১টার দিকে সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে তিনি রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন পুলিশের ওই কর্মকর্তা।
পরিদর্শনকালে এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫/আশিক-০৪




