মৌলভীবাজারের রাজনগরের মোকামবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার। একই অভিযানে আরও একজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
 

সোমবার ভোররাতে মোকামবাজার এলাকায় স্থানীয় সচেতন মহল ও যুবসমাজের সদস্যরা কয়েকজনকে আটক করে পুলিশকে খবর দেন।


পরে বিষয়টি রাজনগর উপজেলা প্রশাসনকে জানানো হলে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমান আদালত চালিয়ে তাদের জেল-জরিমানা করা হয়।
 

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগরের মোকামবাজার এলাকায় স্থানীয় সচেতন মহল ও যুবসমাজের সদস্যরা কয়েকজন মাদক সেবীকে আটক করে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীকে খবর দেন।‎

এ সময় মাদকদ্রব্য, একটি চাকু, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং একটি টমটম অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া একজনের কাছে অনলাইন জুয়া সংক্রান্ত অ্যাপ পাওয়া যায়।
 

আটক কৃতরা হল- রাজনগর উপজেলার মেদিনী মহল গ্রামের নূর মিয়ার ছেলে আনকার মিয়া (৪৫), উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের মোহাম্মদ এলইমিয়া ছেলে মো. তাহের রাব্বি  (২২), একই ইউনিয়নের কান্দিগাও গ্রামের জমির উদ্দিন মিয়ার ছেলে আলি আহমদ (২২) ও সিলেটের উসমানীনগর উপজেলার পশ্চিম রোকনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে জাবের আহমদ  (৩৪)। তাদেরকে নগদ অর্থ ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়াও কিশোরগঞ্জ জেলার এটিনা উপজেলার ওয়ারা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শাহজাহান মিয়ার মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ পাওয়ায় তাকে রাজনগর থানায় সোপর্দ করা হয়।
 

‎রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার বলেন, “মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। বিশেষ করে ইয়াবার মতো মাদক এবং অনলাইন জুয়ার কারণে তরুণ সমাজের একটি অংশ নানা অপরাধ ও সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

‎তিনি আরও বলেন, ‘এলাকার যুবসমাজ, সচেতন নাগরিক এবং ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে এগিয়ে এলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আরও কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।’

 


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-১২