সিলেটের বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে চারখাই এলাকায় অভিযান চালিয়ে ২ জন ও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চারখাই ইউনিয়নের কচকটখা এলাকা থেকে একজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে রুমেল আহমদ (৩৫), ইলাবাজ গ্রামের তেরা মিয়ার ছেলে লায়েক আহমদ (২৭) এবং বলরামের চক গ্রামের মৃত অনুহার আলীর ছেলে সাহাবুদ্দিন (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় সাহাবুদ্দিন নামের একজনকে তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে চারখাই এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ২ জনকে আটক করা হয়।
এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।
সিলেটভিউ২৪ডটকম/মআস-৬/আশিক-০৮




