সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ১৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে একজন হবিগঞ্জের এবং অপরজন সুনামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে। এর মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে।
বর্তমানে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৫ জন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-০১




