ছবি: সিলেটভিউ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে এবার হার্ডলাইনে আন্দোলনকারীরা। তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্রহণ করেন আন্দোলনকারীরা। তার আগে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। সেখানে কোনো শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী প্রবেশ করতে পারেন নি। তাদের সমর্থনে অনেক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী ও এবং শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে। টানা অষ্টম দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলছে।
জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান উপাচার্য চরম অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করছেন। নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে সিকৃবি অনেকটাই স্থবির হয়ে পড়ায় এই আন্দোলন।
সোমবার সকালে অধ্যাপক ড. এমদাদুল হকের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সঞ্চালনায় অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ছিদ্দিকুল ইসলাম, সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সভাপতি মাহবুব ইকবাল, আতাউর রহমান ও অধ্যাপক ড. নাজমুল হক।
কর্মকর্তা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ নেওয়ামত উল্লাহ, বাছিত উদ্দিন, আশফাক আহমেদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিকৃবি ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম ও গোলাম রাব্বানী।
বক্তারা আবারও অবিলম্বে উপাচার্যকে অপসারণ করে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬




