সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 

আহতদের মধ্যে ১০ জন এক পক্ষের এবং পাঁচজন অপর পক্ষের বলে জানা গেছে। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামলাবাজ গ্রামের হাবিব মিয়া ও সমদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের মৌচাক হোটেলে একটি বিষয়কে কেন্দ্র করে জামলাবাজ গ্রামের রিয়াজ উদ্দিনের ভাগ্নে রেজাউল ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের ছেলে মারুফের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সকালে রিয়াজ উদ্দিন ও গিয়াস উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গিয়াস উদ্দিনের পক্ষের জিয়াউর রহমান, বোরহান উদ্দিন, ফয়ছল, ইউসুফ, মুক্তার আলী, মারুফ, সজল, তৈয়বুর রহমান ও সালমান এবং রিয়াজ উদ্দিনের পক্ষের সাকিল, হীরা, হেলাল, রোমান মাস্টার ও হোসাইন আহত হন।
 

আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, জামলাবাজে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা সম্পর্কে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/সামিউল/মআস-০৭