ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনিরা এ রায় দেন।
মামলায় অভিযুক্তরা হলেন— উপজেলার শ্রীমতপুর গ্রামের শেখ কবিরের ছেলে শেখ জামাল এবং এলাহী মিয়ার ছেলে রাজিব মিয়া। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু শোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরজনকে কারাগারে পাঠানো হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু (১০) স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ওই দিন মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে শেখ জামালের বাড়ির কাছে পৌঁছালে তাকে মোবাইল ফোন দেওয়ার কথা বলে ঘরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ঘরে নেওয়ার পর শেখ জামাল ও রাজিব মিয়া দরজা বন্ধ করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কাউকে কিছু না বলার জন্য ভয় দেখিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।
বাড়ি ফেরার পথে ভুক্তভোগী শিশু রাস্তায় অচেতন হয়ে পড়ে। এ সময় মমিনা বেগম নামে এক নারী তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা স্বপ্না বেগম বাদী হয়ে ওই বছরের ১৯ আগস্ট দুইজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কামাল উদ্দিন সেলিম।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/আশিক-০৩




