ছবি: সংগৃহিত।
সিলেটে পর্দা নামছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ২০২৬’-এর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে হবে সমাপনী অনুষ্ঠান।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের মূল পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী নারী হকিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়। বিশেষ এই প্রশিক্ষণ ক্যাম্পে মহানগরীর চারটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইয়ের মাধ্যমে ২৫ জন প্রতিভাবান খুদে নারী হকি খেলোয়াড় অংশ নেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্র্যাক ব্যাংকের সিলেট রিজিওনাল ম্যানেজার রেজাউর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের নারী উইং- এর সম্পাদক তারিকুজ্জামান নান্নু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সদস্য মকসুদ আহমদ ও স্থানীয় ক্রীড়াঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
এই কর্মসূচির মাধ্যমে সিলেটে নারী হকির চর্চা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় উঠে আসার পথ আরও সুগম হবে বলে মনে করছেন আয়োজকরা।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১০




