আইসিসির নতুন এফটিপি ঠিক করতে গতকাল দুবাইয়ে শুরু হয়েছে ক্রিকেট অপারেশন্স কর্মশালা। সদস্য দেশগুলোর এই আলোচনায় ঠিক হবে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত আন্তর্জাতিক সিরিজগুলোর রূপরেখাও। ২০২৭ সালের মার্চে শেষ হবে বর্তমান চক্র।

তবে দুবাইয়ের বৈঠকেই হয়তো চূড়ান্ত ও পূর্ণাঙ্গ কোনো এফটিপি পাওয়া যাবে না। আইসিসির একজন কর্তার কথায় তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। তার মতে, অনেকগুলো পরিবর্তনশীল বা জটিল কিছু বিষয় থাকায় এখনই চূড়ান্ত এফটিপি প্রকাশ করা হবে না।


যদিও সদস্য দেশগুলোর আলোচনার মাধ্যমে সূচি প্রায় চূড়ান্ত হয়ে যাবে। আগামী নভেম্বরে বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির ত্রৈমাসিক সভায় চূড়ান্ত হতে পারে।

টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওয়ানডের ভবিষ্যত নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেক ক্রিকেটারদের চোখে ওয়ানডে মরে গেছে, কেউ কেউ বলছেন মরে না গেলেও অন্তত কোমায় আছে। সেটার প্রভাব পড়তে যাচ্ছে নতুন এফটিপিতে। সামনের চক্রে পূর্ণ সদস্যের মধ্যে আরও বেশি টি-টোয়েন্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে কমে যেতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে সদস্য দেশগুলোর মধ্যে ওয়ানডে ক্রিকেটের আকর্ষণ ফিরিয়ে আনতে চিন্তা করছে আইসিসি।

এ জন্য ওয়ানডে সুপার লিগের বদলে নব্বই দশকের জনপ্রিয় ফরম্যাট যেমন ত্রিদেশীয় কিংবা চার দলীয় সিরিজগুলো ফেরানোর কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

‘বিগ থ্রির’ সিরিজ প্রায় চূড়ান্ত

এফটিপি এখনো চূড়ান্ত না হলেও আইসিসির ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজগুলো অনেকটাই ঠিক হয়েছে। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত নিয়মেই অ্যাশেজ হবে। ২০২৮ সালের শুরুতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড। পরের বছর ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দেবে ইংলিশরা।

২০২৭-৩১ চক্রের সূচিতে বড় চ্যালেঞ্জ হতে পারে গ্রীষ্মকালীন লস অ্যাঞ্জেলস অলিম্পিক। ১৯০০ সালের পর প্রথমবারের মতো অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তার প্রভাব পড়বে দ্বিপক্ষীয় সিরিজে।

অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়তে পারে দল। গত এক বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঠামো ও বিন্যাস নিয়ে আলোচনা হয়েছে। অনেকে দুই স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে বেশ কয়েকটি দেশ ভেটো দেওয়ায় সেটা তাৎক্ষণিকভাবে বাতিল হয়েছে। জানা গেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে আগ্রহী জিম্বাবুয়ে। আফগানিস্তান ও আয়ারল্যান্ড যুক্ত হতে চায় কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে শেষ দিকে এ নিয়ে ধারণা পাওয়া যাবে।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০