সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালে এবার এফডিআর ভেঙে ফ্যাকো মেশিন কেনা হচ্ছে।

এনিয়ে সংশ্লিষ্টদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


জানা গেছে, জালালাবাদ চক্ষু হাসপাতালে একটি ফ্যাকো মেশিন কেনার লক্ষ্য গত সোমবার পত্রিকায় কোটেশন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই বিষয়টি সামনে আসে।এরপর এনিয়ে খোঁজ নেয়া হলে বেরিয়ে আসে কেঁচো খুড়ে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা।

সূত্র জানায়, ২০১৯ সালে ৩৫ লাখ টাকায় বর্তমানের অপটি টেক কোম্পানীর ফ্যাকো মেশিন কেনা হয়। এর ডাউন পেমেন্ট হিসেবে দেয়া হয় ৫ লাখ টাকা। এই ফেকো মেশিনের মূল্য বাবত এখনো ৩ লাখ টাকা বকেয়া রয়েছে বলে সূত্র জানিয়েছে।

বর্তমান মেশিনের ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ায় বিক্রেতা কোম্পানি এটি রিপেয়ার করে দেবার কথা জানায়।

তারা বলেন, প্রয়োজনে ২০১৯ সালে দেয়া ফেকো মেশিনটি যথাযথ মূল্য নির্ধারণ করে তারা নিয়ে যাবে এবং এই টাকাসহ বাকী টাকা সমন্বয় করে নতুন আরেকটি ফেকো মেশিন সরবরাহ করবে। কিন্তু এতে বর্তমান এডহক কমিটি সায় দেননি। উল্টো জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির এফডিআর ভেঙে নতুন ফেকো মেশিন কেনার লক্ষ্যে তারা অগ্রসর হয়।

সূত্র জানায়, একটি সিন্ডিকেট ইতোমধ্যে তাদের পছন্দের কোম্পানি ও লোকদের কাছ থেকে  ফেকো মেশিন কেনার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন কেবল আনুষ্ঠানিকতা করা হচ্ছে। নিয়মিত কমিটি না থাকার পরেও এডহক কমিটি এটি কিনতে পারে কিনা এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিয়মিত কমিটি গঠন করে এটি কেনা হলেও যুক্তিসঙ্গত ছিল। তাই দ্রুত নিয়মিত কমিটি গঠন করার মধ্য দিয়ে সিন্ডিকেট ভেঙে দিয়ে হাসপাতালের সমস্যা সমাধান করে হাসপাতালকে সুষ্ঠুভাবে পরিচালনার দাবি উঠেছে। এনিয়ে সমিতির সদস্যদের মাঝেও নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টির অনুসন্ধান করে, হাসপাতালকে সুন্দরভাবে পরিচালনার জন্য দ্রুত নিয়মিত কমিটি করে এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে সমিতির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসকের নিকট আহবান জানানো হয়েছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে জালালাবাদ চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এম এ মতিন ফেকো মেশিন কেনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মেশিন কেনাটা জরুরি তাই কিনতে হচ্ছে।

আর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন জানান, ‘ফেকো মেশিন কিনতে হাসপাতালের বর্তমান কমিটি বসে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন।’

পুরাতন মেশিন অকেজো হওয়ায় নতুন মেশিন কেনা হচ্ছে বলে তিনি দাবি করেন।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২১