ছবি: সংগৃহিত।

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পাঠানপাড়া এলাকায় সড়ক ও জনপথের (সওজ) ভূমিতে দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ পেয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণকাজ বন্ধ করেছে। সওজ কর্তৃপক্ষ বলছে, তারাও ভূমি দখলের খবর পেয়েছে। সার্ভে করে সত্যতা পেলে স্থাপনা নির্মাণ বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তারা।

 


স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানপাড়া এলাকায় দৈনিক জৈন্তাবার্তা কার্যালয় ও ইউনিক কার ওয়াশের সামনে সওজের ৪ শতক জায়গায় দেয়াল নির্মাণের চেষ্টা করছে একটি মহল। নাছির উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তির লোকজন এই দেয়াল নির্মাণের চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠেছে।

 

নাছির উদ্দিনের লোকজন দক্ষিণ সুরমার গোটাটিকর মৌজার ৬৫০১ দাগের (সওজের জমি) ভূমিতে দেয়াল নির্মাণের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন পার্শ্ববর্তী ৬৫০৩ নম্বর দাগের ভূমির মালিক যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ শিপলু।


তিনি জানান, ইউনিক কার ওয়াশের কর্মীরা দেওয়াল নির্মাণ কাজে বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেয়।

 

কাওছার আহমদ শিপলু জানান, ৬৫০১ দাগে সড়ক ও জনপথের অধিগ্রহণ করা ৪ শতক ভূমি রয়েছে। দীর্ঘদিন ধরে এই ভূমি দখলের চেষ্টা করছে একটি মহল। সর্বশেষ প্রকাশিত প্রিন্ট পরচায়ও এই ভূমির মালিক হিসেবে সড়ক ও জনপথ বিভাগের নাম রয়েছে। তিনি জানান, ওয়ান ইলেভেনের সময় চক্রটি এই ভূমিতে তিনটি দোকান কোটা নির্মাণ করে। সড়ক ও জনপথ বিভাগের অনুরোধে ওই সময় সেনাবাহিনী অবৈধ এসব দোকানকোটা উচ্ছেদ করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। একই সাথে জমির মালিকানা দাবি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজ নিজ প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সওজের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, গোটাটিকর এলাকায় সওজের ভূমির উপর দেয়াল তোলার চেষ্টার অভিযোগ পেয়েছি। ওই জায়গা সওজের মালিকানাধীন কি-না তা নিশ্চিত হতে সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সওজের জায়গা হলে সেখানে কোন ধরণের দেয়াল বা স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। দখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৬