ছবি: সংগৃহিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে বিষধর সাপে কামড় দিয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আক্রান্ত শিক্ষার্থীর নাম নুরনবী ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঘুমন্ত অবস্থায় নুরনবীর পায়ে কামড় দেয় সাপটি। তার চিৎকারে রুমমেটরা জেগে উঠে কক্ষে সাপটি দেখতে পান। পরে তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনম দেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
ঘটনার পর ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট লম্বা পাতি কালাচ সাপটি উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণী ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সোয়ান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত হলের ওই কক্ষে যান। পরে প্রায় তিন ফুট লম্বা কালাচ সাপটি উদ্ধার করেন তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আল-আমিন সরকার জানান, পাঁচতলায় সাপ পাওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। সাপটি কীভাবে কক্ষে ঢুকেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২






