ছবি: সংগৃহিত

বগুড়ার ধুনটে নাশকতা, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ ১০টি মামলার আসামি নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী মন্ডলকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

 


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকার আবুল হোসেনের ছেলে।

 

থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শাসন আমলে নবাব আলী প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। গত ২০০৫ সালে থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, নারী ও শিশু নির্যাতন সহ ৯টি মামলা রয়েছে।

 

এদিকে গত ২৪ সেপ্টেম্বর সকালে নবাব আলী নিজ গ্রামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সরকারি রাস্তা থেকে প্রায় ১১টি দামি গাছ কেটে নেন। সরকারি গাছ কাটার অভিযোগ আমলে নেন প্রশাসন। এ ঘটনা নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।

 

এছাড়া ২০২৩ সালের ৭ জুন পশ্চিম ভারশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীরা কর্মিসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘নাশকতাসহ ১০টি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১