নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।
 


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার ১ নম্বর গণপদ্দী ইউনিয়নের মেদিরপাড় নামক স্থানে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে নকলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন- ইমরান পারভেজ (১৭), পিয়াল মিয়া (১৮), রুদ্র শাহ (১৮), মাহমুদুল হাসান (১৬), আলামিন (১৭), পিয়াল রানা (১৭), সাখাওয়াত হোসেন (১৭), সৌরভ শাহরিয়ার (১৭), গোলাম শাহরিয়ার (১৭), নাজমুল হাসান নাঈম (১৬), তুষার আহমেদ (১৫), রিমন মিয়া (১৬) ও নয়ন মিয়া (১৮)।

আটককৃতদের মধ্যে একজন ময়মনসিংহের ফুলপুর উপজেলার এবং বাকিরা শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পিকুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের অর্ধেকের বেশি স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী।
 

এদিকে গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসানের বাবা আবুল কালাম জানান, তার ছেলে আগামী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। শুক্রবার বিকেলে পুলিশ তাদেরসহ সব মিলিয়ে ১৩ জনকে ধরে নিয়ে যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নকলা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (মামলা নং-৩১) রজু করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৯