সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের রেল যোগাযোগে যুগান্তকারী পরিবর্তনের আভাস দিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আভাস দেন।
অনুষ্ঠানে খন্দকার আবদুল মুক্তাদির দ্রুততার সঙ্গে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ উন্নত করারও আশ্বাস দেন। তিনি জানান, বিনিয়োগ বাড়াতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ। সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পাশাপাশি রেল যোগাযোগের উন্নয়নেও কাজ করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, 'ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েলগেজ লাইন রয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। দরকষাকষি শেষে দ্রুতই এর কাজ শুরু হবে। এটি সম্পন্ন হলে সকালে সিলেট থেকে ট্রেনে চেপে ঢাকায় দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যায়ই ফেরা সম্ভব হবে।'
সিলেট-চট্টগ্রাম কার্গো ট্রেন চালু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, 'সিলেট-চট্টগ্রাম রুটের বিদ্যমান গ্যাপ দূর করে একই মানের উন্নত রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে সিলেটে উৎপাদিত পণ্য কার্গো ট্রেনের মাধ্যমে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো যাবে।'
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৫






