নগরীতে গোপন বৈঠকে মিলিত হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী রয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর বটতলা এলাকার হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার পিংকু ও যুবলীগ কর্মী খলিলুর রহমান সুমন ওরফে প্যাদা সুমনের নাম জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের পাশের গলিতে একটি ভবনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে। সেখানে তারা দেশকে অস্থিতিশীল করতে নাশকতার পরিকল্পনা করছে।
এমন সংবাদের ভিত্তিতে বিকেলে ডিবি এবং থানা পুলিশের সমন্বয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনটি চারদিক থেকে ঘিরে ফেলে ভেতরে তল্লাশি করে ১২ জনকে আটক করা হয়।
সুশান্ত সরকার বলেন, আটককৃতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের নামে কোনো আমলা আছে কি না ও তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০






