ছবি: সংগৃহিত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। প্রথম ধাপে আবেদন না করা, পছন্দের কোনো কলেজে সুযোগ না পাওয়া কিংবা নির্বাচিত হয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে মনোনীত হয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে ব্যর্থ হওয়া, ভর্তি সম্পন্ন করতে না পারা এবং ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত সমন্বিত ওয়েবসাইটে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিতে পারবেন।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম পুনর্নির্ধারণ বা সংশোধন করতে পারবেন। তবে নতুন আবেদনকারীদের প্রচলিত নিয়মে আবেদন ফি পরিশোধ করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/-০২






