অনুমোদন ছাড়াই চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তর করায় সুনামগঞ্জে তিন পরিবহনের ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জলিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও র‍্যাব-৯ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালনা করে।
 


জরিমানাপ্রাপ্তরা হলেন- বেঙ্গল পরিবহনের মো. রাতুল (৩৫), ইম্পেরিয়াল পরিবহনের মুরাদ (২৪) এবং ইউরো কোচের অনিক চন্দ্র দেবনাথ (২৬)। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
 

এসআরবি-৯ জানায়, অভিযানে নিবন্ধিত বাসের মূল কাঠামো ও আসন বিন্যাস অনুমোদন ছাড়া পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন পরিবহন প্রতিনিধিকে জরিমানা করা হয়।
 

এসআরবি-৯’র অতিরিক্ত পুলিশ সুপার  (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অনুমোদন ছাড়া বাসের মূল কাঠামো বা আসন বিন্যাস পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭