সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে দু’পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ সিলামে মারামারির ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।
জানা গেছে যে, পূর্ব বিরোধের জের ধরে সিলাম এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাসেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একজন নিহতের তথ্য নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ঝামেলার মধ্যে আছি। পরে বিস্তারিত বলতে পারবো।
উল্লেখ্য, সিলাম চকবাজার এলাকার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২১ আগস্ট ওই দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন। তার জেরে আজও দুপক্ষের সিলাম চকবাজার মারামারির ঘটনা ঘটে এবং একজন মারা যান।
সিলেটভিউ২৪ডটকম/এসডি-০৬






