সিলেটে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 


নিহত রাসেল আহমদ (২৩) ওই এলাকার শারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সিলাম চকেরবাজার এলাকার শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েক দিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে শুক্রবার বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে পেয়ে শেখ গোষ্ঠীর লোকজন ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর জের ধরে সিলাম চকেরবাজারে শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান ও মোগলাবাজার থানার ওসি মো. এরশাদুল হক ভ‚ঁইয়া হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
 

প্রসঙ্গত, সিলাম চকেরবাজারের হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট নিয়ে গত আগস্ট মাসে শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

 


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-১২