সিলেট ওসমানী বিমানবন্দর থেকে দেশের বাইরে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অতিসম্প্রতি বিমানবন্দরটি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে সালাম এয়ার। ওমানে ট্রানজিট দিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাত্রী পরিষেবা দিচ্ছে এয়ারলাইন্সটি। চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী থেকে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছেন। এই তালিকায় রয়েছে ফ্লাই দুবাই ও এয়ার এরাবিয়া।
এবার এই তালিকায় যুক্ত হয়েছে নতুন আরও একটি এয়ারলাইন্সের নাম। সেটি হচ্ছে বিশ্বের অন্যতম এয়ারলাইন্স টার্কিশ এয়ারলাইন্স।
প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদা এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সম্প্রতি সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলে দেশটির দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট এবং টার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইসলাম গুরে উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলকে রশিদুজ্জামান মিল্লাত ঢাকা-ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের সংখ্যা বাড়াতে তুরস্কের আগ্রহকেও মন্ত্রী স্বাগত জানান। বর্তমানে টার্কিশ এয়ারলাইনস ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। তুরস্কের পক্ষ থেকে এ রুটে আরও তিনটি সাপ্তাহিক ফ্লাইট চালুর আগ্রহের কথা জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ






