সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের আঁকা ছবির ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দ ও সৃজনশীলতার জন্যও ছবি আঁকে। আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছেলে-মেয়েদের ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে।

তিনি বলেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। এতে আবহমান গ্রামবাংলার বিভিন্ন ধরনের সংস্কৃতি তুলে ধরা হবে।


এজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা বেগম, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও চিত্রশিল্পী অভিজিত চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। এ সময় হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি, চিত্রশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিল্পীদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী পরিদর্শন করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৫