সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যে কোনো এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। এ লক্ষ্যেই সিলেট-২ আসনে দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় থাকা সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে সিলেট-২ আসনের কোনো সড়কই কাঁচা থাকবে না; পর্যায়ক্রমে সব সড়ক পাকাকরণের আওতায় আনা হবে।


শনিবার (৩ অক্টোবর) সিলেটের বিশ্বনাথে বিভিন্ন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন ও চলমান কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, সরকারের গ্রহণ করা উন্নয়ন প্রকল্পগুলোর কাজ যাতে সঠিক ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। এলাকার মানুষের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

পরে তিনি পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়কের পাকাকরণকাজের উদ্বোধন করেন। পাশাপাশি পৃথক একটি সড়কের চলমান পাকাকরণকাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ ও আজমল খান।

এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব জাকির হোসেন ইমন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০