ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কিশোরীদের একটি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে খেলাটি একটি পক্ষের আপত্তির মুখে স্থগিত করেছেন আয়োজকেরা।


আয়োজক সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিকেলে দিরাই উপজেলা স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের সাথে স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ খেলতে সিলেটের ওই ক্লাব দিরাইয়ের ম্যাচ ভেন্যুতেও গিয়েছিল। কিন্তু খেলা স্থগিত হওয়ায় মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে খেলোয়াড়দের।


 

স্থানীয় সূত্র জানায়, দিরাই স্টেডিয়ামে মেয়েদের ওই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কয়েকজন লোক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসে গিয়ে খেলা বন্ধের দাবি জানান। পরবর্তীতে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন থেকে বলা হয়, যেহেতেু দুটি পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলতে হবে, না হলে খেলা স্থগিত করতে হবে।


খেলা বন্ধের দাবি জানানো 'দিরাই ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি শরিফ উদ্দিন জানান, 'মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে এটা আমরা মানতে পারি না। এর আগে আমার দেখিনি। আমরা খেলাধুলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী। আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি।'


খেলার আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, 'স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবটি ২০১৯ সালে যাত্রা শুরু করে। ওই সময় আমাদের আমন্ত্রণে দেশের ৭ জেলার মেয়েদের ৭টি ফুটবল দল দিরাইয়ে এসে খেলে গেছে। স্বপ্নচূড়ার মেয়েরাও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলেছে। জাতীয়ভাবেও তারা বিভিন্ন খেলায় অংশ নিয়েছে। আজ দুপুরে পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি। পুলিশের পক্ষ থেকে খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে তিনি খেলা স্থগিত করা হয়েছে।'


এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানান, দিরাইয়ে খেলা আয়োজন প্রসঙ্গে চার-পাঁচদিন আগে একজন বলেছিলেন। পরে অন্য একটি পক্ষ নারীদের এই খেলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেহেতু দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলতে বলা হয়েছিল। এখন আয়োজকেরা জানিয়েছেন, তাঁরা নিজেরাই খেলাটি স্থগিত করেছেন।


এদিকে সিলেট থেকে দিরাইয়ে গিয়েও ম্যাচ খেলতে না পারায় মন খারাপ জারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের। দলটির কোচ বশির উদ্দিন জানান, আমরা ম্যাচ খেলতে নির্ধারিত সময়েই দিরাইয়ে পৌঁছেছি। এখন জেনেছি খেলা হবে না। মেয়েরা মন খারাপ করেছে। খেলা না হওয়ায় আমরা সিলেট রওয়ানা দিয়েছি।'

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-১০