আর্জেন্টিনার জার্সিতে ফুটবল জাদুকর লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। বেনিনের বিপক্ষে বুধবার ভোরের ম্যাচে অধিনায়ককে ঘিরে বিশেষ একাদশ সাজাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
 

২০১৮ থেকে মেসির সঙ্গে জাতীয় দলে থাকা বেশ কয়েকজনকে নিয়েই একাদশ সাজানোর ইঙ্গিত মিলেছে।


সোমবারের অনুশীলন এখনও বাকি। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপজয়ী ও বিশ্বকাপের রানার্সআপ দলের কয়েকজনসহ বাছাইপর্বে নিয়মিত খেলা খেলোয়াড়দের নিয়েই শুরু করবে আর্জেন্টিনা।
 

গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে সেন্টার-ব্যাক হিসেবে খেলবেন ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ।

বাঁ দিকের রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকোকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রথম দুই প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। ফিট না হলে তার জায়গায় খেলতে পারেন ফাকুন্দো মেদিনা। বুরকিনা ফাসোর বিপক্ষে আগের ম্যাচে এই পজিশনে খেলেছিলেন মেদিনা।

ডান-ব্যাক হিসেবে শুরু করার কথা আগুস্তিন জিয়ায়ের। নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞায় থাকায় খেলতে পারবেন না। গনসালো মন্তিয়েলও দলে ডাক পাননি।
 

মাঝমাঠে থাকছে বিশেষ প্রত্যাবর্তন। আগের দুই ম্যাচে দলে না থাকা রদ্রিগো দে পল ফিরছেন। মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর প্রত্যাশিতভাবেই আক্রমণে থাকছেন মেসি। তার সঙ্গে শুরু করার সম্ভাবনা রয়েছে লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের। অর্থাৎ অধিনায়ক মেসিকে সামনে রেখে তিন ফরোয়ার্ডের আক্রমণভাগ দেখা যেতে পারে।
 

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন জিয়ায়, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০